১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীরের বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 11
রাজধানীর ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জমে থাকা প্লাস্টিকসহ সব ধরনের বর্জ্য আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বর্জ্য অপসারণের নির্দেশ বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক এবং লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
শুনানিতে মনজিল মোরসেদ আদালতকে জানান, বুড়িগঙ্গার পানি দূষণের কারণে রাজধানীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০১০ সালে একটি রিটের রায়ে হাইকোর্ট বুড়িগঙ্গার তীরে প্লাস্টিকসহ যেকোনো ধরনের বর্জ্য ফেলা নিষিদ্ধ করেছিলেন।তবে ওই নির্দেশনা উপেক্ষা করে ইসলামবাগ এলাকায় নদীর তীরে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা করে রাখা হয়েছে। এসব বর্জ্যের একটি অংশ নদীতে গিয়ে পড়ায় দূষণ আরও বাড়ছে বলেও আদালতকে জানানো হয়।
গত ৩০ আগস্ট একটি ইংরেজি দৈনিকে গত ১৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এইচআরপিবি আবেদনটি করে। প্রতিবেদনে ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পড়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়।
আবেদনে নৌপরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার জেলা প্রশাসকসহ মোট ১৩ জনকে বিবাদী করা হয়েছে।
























