‘মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অন্য কারও উদ্বেগের অবকাশ নেই’
- আপডেট সময় ০৬:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 30
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এটি একান্ত মুসলমানদের অভ্যন্তরীণ বিষয়। তার মতে, এই চুক্তি ভবিষ্যতে মুসলমানদের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমানের কাছে জানতে চান, গত ৭ আগস্ট স্বাক্ষরিত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‘মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশ যুক্ত হলে কী ধরনের সুবিধা পাবে এবং এ প্যাক্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি কী হতে পারে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই তিনটি দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি চুক্তির সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে। তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তবে আমরা সেটি ইতিবাচক হিসেবে বিবেচনা করব।’
তিনি আরও বলেন, এখনো এই যৌথ চুক্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আসেনি। তাই এ প্যাক্টের ভালো-মন্দ বা লাভ-ক্ষতি নিয়ে আলোচনার সময় আমাদের হয়নি।
এছাড়া ‘মক্কা প্যাক্ট’-এর তাৎপর্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এই প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি হবে মুসলমানদের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি মুসলিম সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারো মাথা ঘামানোর কারণ নেই।’



















