বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় ০৩:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 33
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে টানা তিন দিনের বাণিজ্য আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর দুই দেশের কর্মকর্তারা আলোচনায় সমঝোতা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওয়াশিংটন ডিসিতে তিন দিন ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা চললেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সময়সীমা শনিবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর করা হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটির স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের সেরা চুক্তি পাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তা কানাডার জনগণের প্রত্যাশা পূরণের জন্য যথেষ্ট ছিল না।
বাণিজ্য বিরোধের প্রভাব থেকে কানাডার ব্যবসায়ী ও কর্মীদের সুরক্ষা দিতে আগামী দিনগুলোতে নতুন সহায়তামূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন কার্নি।
অন্যদিকে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে কানাডা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছে।
গ্রিয়ারের অভিযোগ, আগের সপ্তাহে দুই পক্ষের মধ্যে সম্মত হওয়া শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে কানাডা পিছিয়ে যায়। একই সঙ্গে শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তুলে আলোচনায় এর আগে তৈরি হওয়া ভারসাম্য নষ্ট করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার মোট পণ্যের প্রায় ৫ শতাংশকে প্রভাবিত করবে। এর আওতায় রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্প যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্য। এর বাইরে কানাডার ইস্পাত, কাঠ ও অটোমোবাইলের ওপর আগে থেকেই থাকা মার্কিন শুল্কও বহাল রয়েছে।
চলতি মেয়াদের শুরু থেকেই কানাডীয় পণ্যের ওপর দফায় দফায় শুল্ক বাড়িয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে অটোয়াও পাল্টা ব্যবস্থা নেয়। গত জুলাইয়ে মার্কিন পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ৫০ শতাংশের এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারে শত শত কানাডীয় পণ্যের প্রবেশে বড় ধরনের বাধা তৈরি করতে পারে।

























