রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
- আপডেট সময় ১১:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 49
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (১৮ আগস্ট)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এদিন বিকাল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৭ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ২০ আগস্ট ভোটগ্রহণ হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
তিনি বলেন, বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। এরপর সচিবালয়ে গেজেট প্রকাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।
রাষ্ট্রপতি পদে বিএনপি দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিয়েছে। এতে প্রস্তাবক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করে দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।
এই দুই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমীর শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।






















