আলোচনার টেবিলে বসতে মিসর যাচ্ছেন হামাস প্রধান
- আপডেট সময় ০৫:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 25
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া।
জুলাইয়ের শেষ দিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম মিসর সফরে যাচ্ছেন খলিল আল-হাইয়া। রোববার (১৬ আগস্ট) তিনি মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সশস্ত্র সংগঠনটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে জানা গেছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইল ও মিসর সফরে যাবেন। তাঁর সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও থাকবেন।
গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইসরাইল ও অন্যান্য পক্ষের মতপার্থক্য কমানোই তাঁর সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে।
এর আগে ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
হামাসের রাজনৈতিক নেতা বাসেম নাইম বলেন, ‘নেতানিয়াহুকে পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় রয়েছি। আমরা আশাকরি, মধ্যস্থতাকারী রাষ্ট্র ইসরাইলের উপর চাপ প্রয়োগ করবে যেন দ্রুত ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করে।’
এছাড়া আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার ইসরায়েলি হামলা ও গোলাবর্ষণে বিভিন্ন স্থাপনা ধ্বংসের পাশাপাশি দুই ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ১৪ জন।
ফিলিস্তিনি সরকারি সূত্র জানায়, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।























