রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ
- আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 16
ঢাকা: আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ভোট হবে এবং দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ থাকবে না।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি জানান, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পুরো কার্যক্রম গণমাধ্যমের উপস্থিতিতে পরিচালনা করা হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে নূরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোটগ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনেই ভোট নেওয়া হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন।
তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।



















