এসএসসি ফলের পর স্কুলছাত্রীর মৃ/ত্যু
- আপডেট সময় ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 33
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবার সূত্রে জানা যায়।
পরে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি নিজ কক্ষে যান। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিলেন। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তার পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।




















