নাইটক্লাবে হামলার অভিযোগে ইভান টনির বিরুদ্ধে মামলা
- আপডেট সময় ০৫:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 26
ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনির বিরুদ্ধে লন্ডনের একটি নাইটক্লাবে হামলার অভিযোগে মামলা করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় আগামী সেপ্টেম্বরে তাকে আদালতে হাজির হতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বছরের ৬ ডিসেম্বর লন্ডনের সোহোর ওয়ার্ডোর স্ট্রিটের একটি নাইটক্লাবে সংঘটিত হামলার ঘটনায় টনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নর্থ্যাম্পটনের বাসিন্দা ৩০ বছর বয়সী ইভান টনির বিরুদ্ধে গত ৩১ জুলাই শারীরিক আঘাতের অভিযোগে মামলা করা হয়েছে।
এ ঘটনায় আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে তার।
৩০ বছর বয়সী টনি বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলছেন। গত মৌসুমে তিনি ৪২টি গোল করেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড জাতীয় দলের সদস্যও ছিলেন।
এ বিষয়ে টনির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।






















