বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া
- আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 24
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা)-এর আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সেপা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় ধরনের সুবিধা তৈরি হবে।
তিনি জানান, চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষিপণ্য ও প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে।
খন্দকার আবদুল মুক্তাদির আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। এ চুক্তি দেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, সেপা চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

























