ট্রাম্পের যুদ্ধবিরতি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮
- আপডেট সময় ০১:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 22
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার, ২ আগস্ট গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় তিনজন এবং গাজা সিটির পুরোনো এলাকায় একজন নিহত হয়েছেন। গাজার অন্যান্য এলাকায় পরিচালিত হামলায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।
এর দুই দিন আগে ট্রাম্পের উদ্যোগে গাজায় গত বছরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ১৫ দফার একটি পরিকল্পনা প্রকাশ করা হয়। এতে হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের মুক্তি এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
তবে পরিকল্পনাটি এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করলে তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তরে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তবে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান দাবি করেন, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার গাজায় হামলা বন্ধের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে কাজ করছেন। তিনি জানান, এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। তবে উদ্যোগটি সফল করতে হলে গাজায় চলমান সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।

























