ইনফ্লুয়েন্সার হওয়া উচিত মোদির, মন্তব্য অভিজিৎ দীপকের
- আপডেট সময় ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 25
ভারতের লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী বিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার দাবি, কার্যকর বাস্তবায়ন ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধু আইন প্রণয়ন করে প্রশ্নফাঁসের মতো সমস্যার সমাধান সম্ভব নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভিডিও বার্তার সমালোচনা করে অভিজিৎ দীপকে বলেন, মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে পুরোপুরি একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। এর আগে কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও মন্তব্য করেছিলেন, শুধু ক্যামেরার অ্যাঙ্গেল বদলে তরুণদের মন জয় করা যাবে না।
অভিজিৎ দীপকের অভিযোগ, প্রশ্নফাঁস মামলার বিচারের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতের প্রথম শুনানিতেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) আইনজীবী উপস্থিত ছিলেন না। তার ভাষ্য, বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিরা আন্তরিক না হলে নতুন আইন কার্যকর কোনো ফল দেবে না।
তিনি আরও অভিযোগ করেন, গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির পদযাত্রার পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয় এবং মামলা করা হয়। পরে এফআইআর প্রত্যাহারের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও, সিজেপির দাবি—সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রয়েছে।
অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার না হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তার দাবি, প্রতিটি শিক্ষার্থীর পরিবারের একাধিক ভোট রয়েছে এবং শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।
এদিকে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের জেন-জি প্রজন্মকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে অভিজিৎ দীপকে বলেন, কঙ্গনা একজন ‘পার্ট-টাইম’ রাজনীতিক। তাই তার বক্তব্যের আলাদা কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
























