হুথি হামলায় সৌদির তেল শোধনাগার বন্ধ
- আপডেট সময় ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 23
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার দাবির কয়েক দিনের মাথায় সৌদি আরবের জাজান তেল শোধনাগার থেকে ধোঁয়া ওঠার স্যাটেলাইট ছবি প্রকাশ পেয়েছে। হামলার পর শোধনাগারটি বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২৫ জুলাই) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের গোষ্ঠী সৌদি আরবের জাজান ও ইয়ানবু এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সফল হামলা চালিয়েছে।
এরপর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে জাজান তেল শোধনাগার এলাকা থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে ছবির বিষয়ে স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়নি।
পরামর্শক প্রতিষ্ঠান আইআর (IR)-এর একটি মেমো অনুযায়ী, জাজান শোধনাগারে প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।
মেমোতে বলা হয়, হুথিদের হামলায় শোধনাগারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৭ জুলাই সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এটি পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জ্বালানি অবকাঠামোয় এ ধরনের হামলা বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার ওপর নতুন করে উদ্বেগ তৈরি করছে।

























