চাকরির পেছনে নয়, কর্মসংস্থান তৈরির আহ্বান মির্জা ফখরুলের
- আপডেট সময় ০৫:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 13
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের চাকরি খোঁজার পরিবর্তে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে বর্তমানে চার লাখ শিক্ষিত বেকার রয়েছেন। তাই সবাই সরকারি চাকরি পাবেন না; কৃষিভিত্তিক শিল্প, পোল্ট্রি বা খামার গড়ে তুলে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে নির্মিত। তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ পরিশোধে ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘এগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করতে পারেন। একই সঙ্গে নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, রাজনীতি থাকবে, তবে তা হতে হবে মানুষের কল্যাণে ইতিবাচক। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়া মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পরে তা বর্জন করে চলে যান।

























