সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৫:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 15
সাংবাদিকদের মূল দায়িত্ব নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একই সঙ্গে তিনি বলেছেন, সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা পরিচালনা সম্ভব নয়।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এ আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তব্য দিতে গিয়ে জহির উদ্দীন স্বপন বলেন, সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে—এমন সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে পরিচালিত হতে পারে, তা তার জানা নেই।
সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। তাদের প্রধান দায়িত্ব হলো মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া।
সাংবাদিকতার পরিসর কোনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ থাকতে পারে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কোনো সীমান্ত থাকতে পারে না।























