সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: স্পিকার
- আপডেট সময় ০৭:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 0
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পূর্ববর্তী সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান জনগণের ভোটে গঠিত সরকারের প্রতি তিনি সবসময় সম্মান ও সমর্থন দেখিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেন। পরে সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুসারে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, লিখিতভাবে মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি শনাক্ত হয়েছে, যার কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন।
স্পিকারের ভাষ্য, এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথও গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন এবং স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনের শেষ দিকে বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তার বিশ্বাস মো. সাহাবুদ্দিন অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল ছিলেন।




















