শিগগিরই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
- আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 22
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘর চালুর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ লক্ষ্যে নতুন কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার, ১০ জুলাই সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ময়নামতি জাদুঘর ও শালবন বিহারসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। তবে বর্তমানে জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাদুঘর খুলে দেওয়ার বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, পূর্ববর্তী সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। তার দাবি, গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জনগণের মতামতের মূল্যায়ন করা হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















