আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
- আপডেট সময় ০২:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 19
সংবিধানের পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত মামলায় আপিল বিভাগের রায়ের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সব শ্রেণি-পেশার মানুষের মতামত বিবেচনায় নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ হওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’
আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়েও একই ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
মো. আসাদুজ্জামান বলেন, আপিল বিভাগের এ রায়ে অন্তত চারটি বিষয়ে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন। এ রায়ের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ নভেম্বর পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পরে গত ৩ নভেম্বর রিটকারী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া লিভ টু আপিল করেন। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটি বাতিলের আবেদন জানানো হয়।
এরও আগে, গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করা হলেও পঞ্চদশ সংশোধনীর পুরোটি বাতিল করা হয়নি।
























