প্রয়োজনে ইরানে আবারও হামলা: নেতানিয়াহুর হুঁশিয়ারি
- আপডেট সময় ০১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 23
ইরানে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এ ধরনের অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সরকারের নির্দেশ পেলেই তারা পদক্ষেপ নেবে।
মঙ্গলবার, ৩০ জুন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইতোমধ্যে দুই দফা হামলা চালিয়েছে এবং এসব অভিযানের মাধ্যমে দেশকে সম্ভাব্য পরমাণু হামলার ঝুঁকি থেকে রক্ষা করা হয়েছে। প্রয়োজন হলে তৃতীয় দফা হামলাও চালানো হবে এবং সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
২০২৫ সালের ৬ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত হলে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব।
আইএইএর ওই বিবৃতির পাঁচ দিন পর, ১১ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। ১২ দিনব্যাপী ওই অভিযানে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অভিযানটি বন্ধ হয়।
পরবর্তীতে একই ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নতুন সামরিক অভিযান শুরু করে। তবে অভিযানের দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর থেকে ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান সীমিত রেখেছে।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসলামাবাদ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।
এর আগে নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তির প্রতি ইসরায়েল বাধ্য নয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ার পর তিনি এ বিষয়ে আর প্রকাশ্যে কঠোর অবস্থান নেননি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ‘বিবি, আপনি সাবধানে কথা বলবেন, নইলে খুব শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে।’






















