জাবির নারী ওয়াশরুমে গোপন ভিডিও, বহিরাগত আটক
- আপডেট সময় ১২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 25
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করা হবে।
মঙ্গলবার, ৩০ জুন রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের একজন ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।
অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করলে এক শিক্ষার্থী তাকে সেখানে দেখতে পান। পরে ওই শিক্ষার্থী তার পরিচয় এবং সেখানে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে। এরপর বিষয়টি বাইরে থাকা অন্য শিক্ষার্থীদের জানানো হলে তারা তাকে আটক করেন।
অভিযোগ করা হয়েছে, পরে শিক্ষার্থীরা তার ব্যবহৃত মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও দেখতে পান। এছাড়া ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্ব এবং পূর্বে ধারণ করা নারীদের আরও কিছু ভিডিওও পাওয়া গেছে বলে অভিযোগপত্র ও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি জানার পর প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। মামলা হওয়ার পর তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











