চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 16
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক থিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই সঙ্গে বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানান।
রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।






















