গাজীপুরে খোলা ড্রেনে পড়ে তরুণীর মৃত্যু, স্বজনের সন্ধানে পুলিশ
- আপডেট সময় ১২:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 24
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরিচিত কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা আসদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত নারীর স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২১ জুন) সন্ধ্যায় ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে সড়কের পাশে জলাবদ্ধতা সৃষ্টি হলে খোলা ড্রেনটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ সময় নাজমা খাতুন ড্রেনে পড়ে যান এবং পানির প্রবল স্রোতে তলিয়ে যান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহত নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়ের সন্ধান পাওয়া যায়নি। এ কারণে বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের পাশে বিআরটি প্রকল্পের একটি ড্রেনের স্ল্যাব খোলা ছিল। বৃষ্টির পানিতে ড্রেনটি আড়াল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান।
স্থানীয়দের দাবি, প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা নাজমা খাতুনের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ পাওয়া যায়।
উল্লেখ্য, গাজীপুরে এর আগেও খোলা ড্রেনে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২৭ জুলাই রাতে টঙ্গী এলাকায় খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। পরে তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
























