খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, তারেক-আনোয়ার বৈঠকে ৩ চুক্তি
- আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 22
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতা প্রদান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত তিনটি চুক্তি ও সহযোগিতা দলিল স্বাক্ষর ও বিনিময় করা হয়েছে।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনায় মিলিত হন। পরে তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করেন দুই নেতা।
প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন কারণে অনিয়মিত অবস্থানে চলে যাওয়া বাংলাদেশি নাগরিকদের বৈধতা প্রদান এবং তাদের কর্ম অনুমতিপত্র নবায়নের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের আম, বিভিন্ন ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশের আবেদনের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করা হয়। একই সঙ্গে ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও সহযোগিতা চাওয়া হয়।
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়ও বৈঠকে আলোচিত হয়।
আলোচনা শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত একটি যৌথ দলিল এবং বিনিয়োগ সম্পর্কিত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। আনুষ্ঠানিকভাবে দলিলগুলো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হস্তান্তর করেন।
বৈঠক ও চুক্তি বিনিময় পর্ব শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

























