লড়াই করেও পারল না বাংলাদেশ, সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া
- আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 18
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেও সফল হতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৭ রানের পরাজয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ম্যাট রেনশো, তিনি অপরাজিত ৮৯ রান করেন। এছাড়া টিম ডেভিড ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে দ্রুত রান তোলেন সাইফ হাসান ও তানজিদ তামিম। পরে পারভেজ ইমনকে নিয়ে সাইফ গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি, যা বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিল।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় মধ্য ওভারে। পরপর দুই ওভারে ইমন ও সাইফের বিদায়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ইমন ২২ বলে ৩৬ এবং সাইফ ৩৩ বলে ৪২ রান করে আউট হন। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারালে রান তাড়ার গতি কমে যায়।
শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ রান। তাওহিদ হৃদয় ও আব্দুল গাফফার সাকলাইন চেষ্টা চালালেও ম্যাচ বের করে আনতে পারেননি। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ দুটি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে। অন্যদিকে, লড়াই করেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।






















