ড. ইউনূসের বিচার চেয়ে ৬১ আইনজীবীদের মানববন্ধন
- আপডেট সময় ০৬:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 16
ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল আইনজীবী। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে থাকা ৬১ জন আইনজীবীর কারামুক্তি দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় ড. ইউনূসের বিচারের দাবিতে স্লোগানও দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ এবং বিভিন্ন আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, একটি হত্যাচেষ্টা মামলায় একসঙ্গে ৬১ জন আওয়ামীপন্থী আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। ওই ঘটনার প্রসঙ্গ তুলে তারা বিচার ও আইনি প্রতিকার দাবি করেন।
মানববন্ধনে উপস্থিতদের মধ্যে ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, তৌহিদ, শামীম আল সোহাগ সাইফুলসহ কারামুক্ত আরও কয়েকজন আইনজীবী অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।





















