তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ, ফ্লাইট চলাচল স্থগিত
- আপডেট সময় ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 21
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় অভিযান পরিচালনা করেছে।
সোমবার, ৮ জুন ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়েছিল।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশের এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইস্পাহানেও অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
এর আগে রোববার যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান বলে দাবি করা হয়। এর পরপরই ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সর্বশেষ এই ঘটনাকে পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।























