পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- আপডেট সময় ০৬:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 89
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের বিশাল জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের অনন্য এক রেকর্ড গড়ল বাংলাদেশ, যা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম এবং ঐতিহাসিক টেস্ট জয়।
মঙ্গলবার (১২ মে) ম্যাচের পঞ্চম ও শেষ দিনের শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় খেলা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট, আর পাকিস্তানের লক্ষ্য ছিল ২৬৮ রান। তরুণ পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের মুখে দাঁড়াতে পারেনি সফরকারী ব্যাটাররা। মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক বনে যান গতিদানব নাহিদ রানা।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানের অনবদ্য সেঞ্চুরি এবং মমিনুল হকের ৯১ ও মুশফিকুর রহিমের ৭১ রানের ওপর ভর করে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান করে, যেখানে অভিষিক্ত আজান আওয়াইস ১০৩ রান করেন। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও মমিনুল হক সৌরভের (৫৬) জোড়া হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। কিন্তু নাহিদ রানার গতির ঝড়ে শেষ দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে সিলেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১৬ মে সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করবে সফরকারী পাকিস্তান।






















