নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা: সিইসি
- আপডেট সময় ১১:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 27
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভবিষ্যতে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দীর্ঘদিন পর ভোটকে ঘিরে দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মানুষ গ্রাম-গঞ্জে ফিরেছে, ভোট দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের লক্ষ্য বলে জানান তিনি।
দায়িত্ব নেওয়ার পর থেকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। একটি সুষ্ঠু ভোট আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, কমিশন কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে নয়। আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনই তাদের অঙ্গীকার।
নির্বাচনী পরিবেশের উদাহরণ দিতে গিয়ে সিইসি জানান, বিভিন্ন স্থানে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে স্বাভাবিক পরিবেশে কথা বলতে দেখা গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দিক।
নির্বাচন ব্যবস্থাপনায় বিপুলসংখ্যক জনবল কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১৭ লাখ মানুষ এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও বিপুলসংখ্যক নির্বাচনকর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। এত বড় সমন্বয় একটি বড় চ্যালেঞ্জ হলেও তা সফলভাবে পরিচালনার চেষ্টা চলছে।
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আগের দিনের বৈঠকের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, প্রস্তুতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
শেষে তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
























